
নদী ও সড়কের উন্নয়ন একটি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও গতিশীল করে। তবে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার উন্নয়নেও সমান গুরুত্ব দেওয়ার দাবি তুলেছেন জকিগঞ্জের শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা।
তাদের মতে, জকিগঞ্জে এখনো কোনো অনার্স অনুমতিপ্রাপ্ত কলেজ না থাকায় প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী গোয়াইনঘাট, বাদেশ্বর, কানাইঘাটসহ দূরবর্তী বিভিন্ন কলেজে ভর্তি হতে বাধ্য হচ্ছে। বিশেষ করে ছাত্রীদের জন্য প্রতিদিন দূর-দূরান্তে যাতায়াত করে ক্লাস ও ইনকোর্স পরীক্ষায় অংশ নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। ফলে অনেক শিক্ষার্থী আর্থিক সংকট, যাতায়াতের ভোগান্তি ও পারিবারিক নানা সীমাবদ্ধতার কারণে উচ্চশিক্ষার স্বপ্ন ত্যাগ করতে বাধ্য হয়।
স্থানীয়দের দাবি, জকিগঞ্জে একটি অনার্স অনুমতিপ্রাপ্ত কলেজ প্রতিষ্ঠা করা হলে উপজেলার হাজারো শিক্ষার্থী নিজ এলাকাতেই উচ্চশিক্ষার সুযোগ পাবে। এতে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এ বিষয়ে জকিগঞ্জবাসী মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত একটি অনার্স অনুমতিপ্রাপ্ত কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
তাদের ভাষায়, “রাস্তার উন্নয়ন আমাদের চলার পথ সহজ করে, আর একটি অনার্স কলেজ আমাদের ভবিষ্যৎ গড়ে।”
জকিগঞ্জের শিক্ষার্থীদের প্রাণের দাবি—“জকিগঞ্জে একটি অনার্স অনুমতিপ্রাপ্ত কলেজ চাই।”
প্রতিবেদকের নাম 









