
সংবর্ধনা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে হাফিজ আজহারুল ইসলাম ওসামাকে অপমান ও মানহানিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে কানাইঘাটের কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ২০২২ সালে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত ‘আলোকিত কুরআন’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হাফিজ ওসামা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর জকিগঞ্জ উপজেলার ঘাটেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
হাফিজ ওসামার অভিযোগ, কানাইঘাটের কনটেন্ট ক্রিয়েটর তোফায়েল আহমদ তুহিন সংবর্ধনা দেওয়ার কথা বলে তার সঙ্গে যোগাযোগ করেন। পরে নির্ধারিত সময়ে সংবর্ধনা গ্রহণের জন্য তাকে ঘাটেরবাজার এলাকায় ডেকে নেওয়া হয়।
ওসামার দাবি, সেখানে যাওয়ার পর কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর তাকে একটি স্কুলের মাঠে নিয়ে যান এবং তার অনুমতি ছাড়াই ভিডিও ধারণ শুরু করেন। একপর্যায়ে একটি খামে সামান্য পরিমাণ অর্থ তার হাতে তুলে দিয়ে বিষয়টি ভিডিওতে এমনভাবে উপস্থাপন করা হয়, যা তার কাছে অপমানজনক ও সম্মানহানিকর মনে হয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাফিজ ওসামা বলেন, সংবর্ধনার নামে ডেকে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পাওয়ার উদ্দেশ্যে তাকে কেন্দ্র করে এমন কনটেন্ট তৈরি করা হবে—এটি তিনি আগে জানতেন না।
এ ছাড়া প্রচারিত ভিডিওতে তাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোরও অভিযোগ করেন তিনি। ভিডিওতে দাবি করা হয়, ১০৯টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সৌদি আরবে তিনি প্রথম স্থান অর্জন করেছেন। তবে ওসামা দাবি করেন, তিনি কখনো কোনো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নেননি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 














