
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন সড়কের বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং টাকা দাবির অভিযোগে কানাইঘাট থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগকারী জাহাঙ্গীর আলমের দাবি, গত ২০ আগস্ট তাঁর বাড়ি ও দোকানের দুটি বৈধ মিটার খুলে নেওয়া হয় এবং মিটার ফেরত পেতে তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি। এতে তাঁর বাড়ি দীর্ঘদিন বিদ্যুৎবিহীন এবং দোকানের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাঁর।
অপর অভিযোগকারী বুরহান উদ্দিনের দাবি, দোকানের বিদ্যুৎ লাইন ছেঁড়া দেখতে পেয়ে তিনি নিজেই অভিযোগ করার পরদিন কোনো নোটিশ ছাড়াই তাঁর মিটার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে সংযোগ পুনঃস্থাপনের জন্য তাঁর কাছেও ২০ হাজার টাকা দাবি এবং গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীদের দাবি, স্থানীয়ভাবে বিষয়টি জানিয়ে প্রতিকার না পাওয়ায় তাঁরা থানায় লিখিত অভিযোগ করেছেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা দাবি করেছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত হারুনুর রশিদের বক্তব্য পাওয়া যায়নি।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ দুটি পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাদমান সাকিব, কানাইঘাট 


















