
সিলেটের জকিগঞ্জে ইলাবাজ ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আরও এক আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম রুহুল আমিন (২৬)। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় (ইছাগাঁও) এলাকার সুমন আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিলেট জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় জকিগঞ্জ থানার মামলার তদন্ত কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, ইলাবাজ ডাকাতির ঘটনায় জকিগঞ্জ থানায় গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা ১৩ নম্বর মামলার (ধারা ৩৯৫/৩৯৭, দণ্ডবিধি) এজাহারভুক্ত পলাতক আসামি রুহুল আমিন। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার আসামিকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলার অপরাধ দমন, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট জেলা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতিবেদকের নাম 












