
সিলেটের জকিগঞ্জ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় পলাতক আসামি ও সিলেট জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শামীম আহমদ (৪১) জকিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পীরেরচক গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি জকিগঞ্জ উপজেলা যুবলীগের নেতা হিসেবেও পরিচিত।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকিগঞ্জ থানার মামলা নম্বর ৮, তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা মামলায় তিনি এজাহারনামীয় পলাতক আসামি।
পুলিশ আরও জানায়, সিলেট জেলার অপরাধ দমন, মাদক উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
গ্রেপ্তারের পর শামীম আহমদকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতিবেদকের নাম 












