
কানাইঘাটে ই’য়াবা দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে নারী গ্রেফতার।
সিলেটের কানাইঘাটে পূর্ব বিরোধের জেরে এক যুবককে ২০ পিস ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে কানাইঘাট উপজেলার ২নং পশ্চিম লক্ষীপ্রসাদ ইউনিয়নের বড়বন্দ ২য় খণ্ড (সিঙ্গারীপাড়া) এলাকায় অভিযান চালিয়ে লতিফা বেগম (৪০) নামে ওই নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার লতিফা বেগম ওই এলাকার বিলাল আহমদ ওরফে ‘হুজুরি বিলালের’ স্ত্রী। পুলিশ জানায়, লতিফা বেগম ও তার পলাতক স্বামী বিলাল আহমদের সঙ্গে পূর্ব বিরোধের জেরে জৈন্তাপুর এলাকার জাহিদ নামে এক যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে লতিফা বেগমকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতার লতিফা বেগমকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক বিলাল আহমদকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 











