
‘আওয়ামী লীগ করলেই সন্তানকে স্কুলে পড়ানো যাবে না?’—প্রশ্ন কানাইঘাটের রোকসানা জাহানের
সিলেটের কানাইঘাট উপজেলার রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটিতে অপসারিত মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা জাহানকে অন্তর্ভুক্ত করা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এ ঘটনায় স্থানীয় দুই বিএনপি নেতার বিরুদ্ধে আপত্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলেছেন তিনি।
রোকসানা জাহানের দাবি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে অভিভাবক কমিটিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে রোকসানা জাহান প্রশ্ন তোলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে একজন অভিভাবককে বিদ্যালয়ের কমিটি থেকে বাদ দেওয়া কিংবা তার সন্তানদের পড়াশোনা নিয়ে প্রশ্ন তোলা কতটা যৌক্তিক।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ ব্যক্তিগত বিষয়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে শিশুদের শিক্ষা ও পারিবারিক জীবনে এর প্রভাব পড়া উচিত নয়।
তবে এ বিষয়ে অভিযুক্ত দুই নেতার বক্তব্য পাওয়া গেলে বিষয়টির পূর্ণাঙ্গ চিত্র আরও স্পষ্ট হবে।
সাদমান সাকিব, কানাইঘাট 












