
প্রবাসীর লাগেজ চুরির চেষ্টা, উদ্ধার করে ফেরত; অভিযুক্ত নারীর ৩ মাসের কারাদণ্ড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রবাসীর লাগেজ চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাগেজটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত এক নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (৪ নভেম্বর) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পোল্যান্ড থেকে দেশে ফিরছিলেন এক প্রবাসী বাংলাদেশি। পেশায় তিনি একজন শেফ। ট্রানজিটে বিমান পরিবর্তনের সময় তার লাগেজ বিমানে উঠলেও তিনি নির্ধারিত ফ্লাইটে উঠতে পারেননি। ফলে লাগেজটি যাত্রী ছাড়াই ঢাকায় পৌঁছায়।
অন্যদিকে সৌদি আরবের আল কাসিমে কর্মরত নাসিমা নামের এক নারী চার বছর পর দেশে ফেরেন। বিমানবন্দরে নিজের সবুজ রঙের লাগেজ সংগ্রহের পর তিনি ওই প্রবাসীর রঙিন লাগেজটিও নিজের ট্রলিতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
বিষয়টি এয়ারলাইন্সের দায়িত্বশীল কর্মকর্তাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে তার গতিবিধি যাচাই করা হয়। প্রথমে লাগেজটি নিজের বলে দাবি করলেও কোনো গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেননি তিনি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ও লাগেজের ট্যাগের তথ্য দেখানোর পর নিজের ভুল স্বীকার করেন।
পরে এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের কর্মকর্তা দিদারসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় পোল্যান্ড প্রবাসী ওই যাত্রীকে শনাক্ত করে তার লাগেজটি বুঝিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় দোষ স্বীকারের ভিত্তিতে অভিযুক্ত নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের লাগেজ সংগ্রহের পর ট্যাগের সঙ্গে নিজের লাগেজের ট্যাগ মিলিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি লাগেজ সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
সূত্র: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র।
সাদমান সাকিব, কানাইঘাট সিলেট 











