
সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে তারেক হাসানের পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে জকিগঞ্জের বর্তমান ইউএনও সুজিত কুমার চন্দের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলির আদেশও বাতিল করা হয়েছে। ফলে আপাতত জকিগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করবেন সুজিত কুমার চন্দ।
গত ৩ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি এবং হবিগঞ্জের লাখাই উপজেলার ইউএনও তারেক হাসানকে জকিগঞ্জে পদায়নের আদেশ দেওয়া হয়েছিল।
তবে ওই আদেশ জারির তিন দিন পর, শুক্রবার (৬ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে আগের বদলি ও পদায়নের আদেশ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
নতুন প্রজ্ঞাপনের ফলে তারেক হাসানের জকিগঞ্জে যোগদানের বিষয়টি আর কার্যকর হচ্ছে না। পাশাপাশি সুজিত কুমার চন্দের ফেঞ্চুগঞ্জে বদলির সিদ্ধান্তও বাতিল হয়েছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে সিলেট ও হবিগঞ্জ জেলার তিনটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে ৬ নভেম্বর সেই সিদ্ধান্ত বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে বিভাগীয় কমিশনারের কার্যালয়।
ওয়াসিম আকরাম সাহান 














