
সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি উপজেলার অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জকিগঞ্জ সরকারি কলেজ। প্রতিষ্ঠানটিতে এ বছর ৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ১২৪ জন। সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৩৬.৫৮ শতাংশ।
হতাশাজনক এই ফলাফলের মধ্যেও কলেজটি থেকে ১ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ (GPA-5.00) অর্জনের গৌরব অর্জন করেছেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর জকিগঞ্জ সরকারি কলেজ থেকে মোট ৩৪৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে সফলতার সঙ্গে কৃতকার্য হয়েছেন ১২৪ জন এবং অকৃতকার্য হয়েছেন ২২০ জন পরীক্ষার্থী। অর্থাৎ, পরীক্ষার্থীদের অর্ধেকেরও বেশি শিক্ষার্থী এ বছর ফেল করেছেন।
উপজেলার শীর্ষ এই সরকারি কলেজের এমন নিম্নগামী ফলাফলে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানের এমন বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা। তবে শত প্রতিকূলতা ও বিপর্যয়ের মাঝেও জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন তাঁরা।
স্থানীয়বাসীর প্রত্যাশা, আগামী দিনে এই ফলাফল বিপর্যয় কাটিয়ে উঠে শিক্ষার উপযুক্ত পরিবেশ ও গুণগত মান ফিরিয়ে আনতে কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
প্রতিবেদকের নাম 












