
বিশেষ প্রতিনিধি
সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ উপজেলায় মাদক ব্যবসা, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে গঠিত অভিযানে গত কয়েক দিনে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।
গতকাল ওসি আব্দুর রাজ্জাকের নির্দেশনা ও পরিকল্পনায় জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃত মাদক কারবারি হলেন উপজেলার খলাছড়া ইউনিয়নের কাপনা গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল কাইয়ুম (৫৫)। তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া অভিযানে চুরির মামলার ১ জন আসামি, আদালতের পরোয়ানাভুক্ত ৫ জন পলাতক আসামি এবং ৩৪ ধারায় ৮ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে একদিনের অভিযানে ১৫ জনকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, “অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনগণের জানমাল রক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের ধারাবাহিক এ ধরনের অভিযানের মাধ্যমে জকিগঞ্জে মাদক, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ আরও নিয়ন্ত্রণে আসবে।
প্রতিবেদকের নাম 









