
সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দিদার আহমদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনায় থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মুর্শেদ আলম মাথায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে জকিগঞ্জ-কালীগঞ্জ ভায়া কেরাইয়া সড়কে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় অভিযুক্ত দিদার আহমদ কর্তব্যরত এসআই মুর্শেদ আলমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দিদার আহমদকে আটক করতে সক্ষম হয়।
আহত এসআই মুর্শেদ আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, ডাকাতির প্রস্তুতি ভেস্তে দেওয়ার সময় দিদার আহমদ তাঁর ওপর হামলা চালিয়ে মাথায় আঘাত করেন।
গ্রেপ্তারকৃত দিদার আহমদ জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের দরগাহ বাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে।
এদিকে, জকিগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আরও কঠোর অভিযান ও গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
প্রতিবেদকের নাম 








