সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে চারখাই পুলিশ ক্যাম্পের সামনে একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘সিলেট জ-১১-০৭১৭’ নম্বরের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা এক যাত্রীর কাছ থেকে কৌশলে রাখা ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. শহিদুল ইসলাম সিলেটের জকিগঞ্জ উপজেলার ভরণ সুলতানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।
বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মাদক পরিবহনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও মূলহোতাদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।